বাংলানিউজমেইল

বেনাপোল এক্সপ্রেসে আগুন : ৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই রাত আগে রাজধানীর গোপীবাগে ভয়াবহ এক অগ্নিসংযোগের ঘটনা ঘটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে। নির্বাচন ঘিরে ৫ জানুয়ারি রাতের ওই নৃশংস ঘটনায় প্রাণ হারায় চারজন। পা থেকে মাথা পর্যন্ত একেবারে পুড়ে যাওয়ায় মরদেহগুলোর পরিচয় সনাক্তকরণ ছিল বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দীর্ঘ ১ মাস ১০ দিন চেষ্টার পর অবশেষে মরদেহগুলো বুঝে পেলেন নিহতদের স্বজনরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

প্রায় দেড় মাস পর মরদেহ বুঝে পেয়ে চাপা কান্না নিয়ে মর্গ ছাড়তে দেখা যায় নিহত চারজনের স্বজনদের। বিচার দাবি করে তারা বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে এভাবে যেন আর কাউকে প্রাণ হারাতে না হয়।

বেনাপোল এক্সপ্রেসে আগুনের সেই ঘটনায় দগ্ধ হয়ে নিহত চারজনের নাম রাজবাড়ির আবু তালহা (২৩), চন্দ্রীমা চৌধুরী সৌমি (২৮) ও এলিনা ইয়াসমিন (৪৪) ও পুরান ঢাকার নাতাশা জেসমিন নেকি (২৫) বলে জানা গেছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি‌ ফেরদাউস আহ‌াম্মেদ বিশ্বাস জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় মরদেহ চারটি একবারেই পোড়া ছিল। এজন্য চেহারা দেখে সনাক্ত করার উপায় ছিল না। পরে আদালতের আদেশক্রমে দাবিকৃত স্বজনদের ও পোড়া মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে ক্রস ম্যাচিং করা হয়। এর মাধ্যমে সনাক্ত করা হয়। আজ লাশগুলো স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে এলিনা ইয়াসমিনের মরদেহ গ্রহণ করেন তার ভাই মনিরুজ্জামান মামুন। নাতাশা জেসমিনের মরদেহ গ্রহণ করেন বড় ভাই খুরশীদ আহমেদ। আবু তালহার মরদেহ গ্রহণ করেন মামা মনিরুল ইসলাম এবং চন্দ্রিমা চৌধুরীর মরদেহ গ্রহণ করেন বড় ভাই ডা. দিবাকর চৌধুরী।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে এলিনা ইয়াসমিনের স্বামী সৈয়দ সাজ্জাদ হোসেন চপল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার স্ত্রীসহ কয়েকজন মারা গেছেন। আমার বাচ্চা সারাজীবন কি বলবে? রাজনৈতিক প্রতিহিংসার ফল সাধারণ জনগণ কেন ভোগ করবে? এগুলো থেকে মুক্তি চাই।

নাতাশার বড় ভাই খুরশীদ আহাম্মেদ বলেন, দীর্ঘ ৪০ দিন অপেক্ষার পর আমার বোনের মরদেহ বুঝে পেলাম। এই ৪০দিন যে আমাদের পরিবারের কীভাবে কেটেছে তা বুঝানো যাবে না।

Related posts

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর জার্মানি যাত্রা

bangladmin

পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

bangladmin

৫০০ কোটি টাকা আত্মসাতে সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

bangladmin

শপথ নিলেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

bangladmin

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

bangladmin

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

bangladmin

Leave a Comment