বাংলানিউজমেইল
জাতীয়

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

অপরাধচিত্র প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় আশুগঞ্জ টোলপ্লাজা থেকে চান্দুরা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয়রা।
৮ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর এলাকার বাসিন্দারা।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ওই এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনসহ পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেন। সেখানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে আন্দোলনকারীদের দাবি, গত শুক্রবার রাতে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য যাত্রীবাহী বাস, পরিবহনের ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। এতে নারী, শিশু ও অসুস্থ রোগীসহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’
পরে দুপুর সাড়ে ১টার দিকে প্রশাসন, পুলিশ এবং ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Related posts

চতুর্থ দিনে প্রার্থিতা ফেরত ৪৫ জন

bangladmin

ভোটের মাঠে থাকবেন ৫ লক্ষাধিক আনসার সদস্য

bangladmin

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে আরও

bangladmin

৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

bangladmin

কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে: প্রেস সচিব

bangladmin

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

bangladmin

Leave a Comment